কুষ্টিয়ার খোকসা উপজেলার কালিবাড়ী মাঠ প্রাঙ্গণে খোকসা কালিবাড়ী ইয়াং স্টার ক্লাবের আয়োজনে মাদকবিরোধী চরমনাবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টায় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় খোকসার একতার স্পোর্টিং ক্লাব (একতারপুর) ৪-১ গোলের ব্যবধানে কুমারখালীর ছেউড়িয়া মন্ডলপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে শুভসূচনা করে।
ম্যাচের প্রথমার্ধে ছেউড়িয়া মন্ডলপাড়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ঘুরে দাঁড়ায় একতার স্পোর্টিং ক্লাব। একের পর এক চারটি গোল করে তারা ৪-১ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে ভাসায়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি সরকারি দায়িত্ব পালনের কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি।
বিশেষ অতিথি খোকসার সাবেক ফুটবলার বাবু পিযুষ কুমার মজুমদার খেলার উদ্ভোদন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন ফুটবলার আরমান হোসেন,নাসিম বিশ্বাস,শহিদুল ইসলাম,লালন, সহ আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
খেলার রেফরির দায়ীত্ব পালন করেন সাবেক ফুটবলার রেজা আহমেদ এবং ধারাভাষ্যকার ছিলনে খোকসা কলজের প্রভাষক আমজাদ বাবু।
আয়োজকরা জানান, দীর্ঘদিন পর খোকসা কালিবাড়ী মাঠে আবারও খেলাধুলার প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এ মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। চ্যাম্পিয়ন দল পাবে ৮ হাজার টাকা এবং রানার্সআপ দল পাবে ৫ হাজার টাকা পুরস্কার।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ আগামী ১৫ জুলাই বিকেল ৫টায় একই মাঠে অনুষ্ঠিত হবে। খেলা উপভোগ করতে সকল ক্রীড়াপ্রেমীকে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
এছাড়া, টুর্নামেন্ট সফল করতে এলাকার যুবক, ক্রীড়াপ্রেমী ও স্বেচ্ছাসেবকদের সার্বিক সহযোগিতার জন্য আয়োজকরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

