শৈলকুপায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে প্রাণ গেল ভ্যানচালকের

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ভ্যানচালক একেন আলী মোল্লা (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সামাজিক আধিপত্য বিস্তার ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) দিবাগত মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত একেন আলী মোল্লা বগুড়া গ্রামের আদালত মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর আওয়াল এবং সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। গত শনিবার (২৭ জুন) সকালে প্রতিপক্ষের হামলায় একেন আলী মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা। একই ঘটনায় অন্তত পাঁচটি বাড়িঘর ভাঙচুরেরও অভিযোগ রয়েছে।

আহত একেনকে প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হলেও পথে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সকাল থেকেই বগুড়া গ্রামে চরম উত্তেজনা দেখা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, সামাজিক ও রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরও জানান, একেন আলী মোল্লা আহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে।

আরও পড়ুন