Category: সারাদেশ

  • গোপালগঞ্জের দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর আহত-২০

    গোপালগঞ্জের দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর আহত-২০

    জেভি২৪ ডেস্ক 

    গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘর ভাংচুর ও নারী-পুরুষসহ ২০ জন আহত হয়েছে।

    সোমবার (১ জুন) সন্ধ্যায় উপজেলার ঘাঘরকান্দা- বেপারীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    গুরুতর আহত ওহাব গাজী(৬০), জালাল গাজী (৪৫), খলিল গাজী (৪৮), আরিফুল গাজী (৩০) জলিল গাজী (৪৬) ছনিয়া খানম (১৯), মাজেদা বেগম (৪৫), হান্নান বরকতউল্লাহ (৫৫), মুকুল মুন্সী (৪৮), অলি বরকতউল্লাহ (৩৫), তাওসীন বরকতউল্লাহ, হানিফ শেখ (৪৫), হাবিব মুন্সী (৪২), জাহিদুল বরকতউল্লাহ (৩৮) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

    জানাগেছে, ঘাঘরকান্দা-বেপারীপাড়া গ্রামের মাদক বিরোধী কমিটির সদস্যরা ব্যাটারী চুরির অভিযোগে উপজেলার কাঠিগা গ্রামের মোরসালিন  মিয়া, চিতশী গ্রামের রাসেল দাড়িয়া ও ঘাঘরকান্দা গ্রামের আব্দুল্লাহ দাড়িয়াকে আটক করে বেপারীপাড়া গ্রামের মাদক বিরোধী কমিটির কার্যালয়ে আটকে রাখে।

    এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে কাঠিগা ও চিতশী গ্রামের লোকজন এসে মাদক বিরোধী কমিটির কার্যালয়  ভাঙচুর করে ৩ চোরকে ছিনিয়ে নিয়ে যায়।

    ঘাঘরকান্দা-বেপারীপাড়া এলাকাবাসীর সূত্রে জানা যায়, আমাদের বেপারীপাড়া গ্রামের এক ব্যক্তির গাড়ি থেকে মোরসালিন, রাসেল ও আব্দুলাহ এই ৩জন মিলে ব্যাটারী চুরি করে বিক্রি করে দেয়। এ খবর জানার পরে আমরা এই ৩ চোরকে আটক করে আমাদের কার্যালয়ে রেখে পুলিশকে খবর দেই।

    পরবর্তীতে কাঠিগা-চিতশীর লোকজন এসে আমাদের উপর হামলা ও মারধর করে কার্যালয় এবং ঘরবাড়ি ভাঙচুর করে ওই ৩জনকে ছিনিয়ে নিয়ে যায়।

    কোটালীপাড়া থানার ওসি মোঃ রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দায়ের করেনি। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

  • শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার পরিবারের ওপর হামলা

    শ্বশুরবাড়ি যাওয়ার পথে আমির হামজার পরিবারের ওপর হামলা

    জেভি২৪ ডেস্ক 

    কুষ্টিয়া থেকে জীবননগরে শ্বশুরবাড়ি আসার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এই হামলার ঘটনা ঘটে।

    হামলায় আহত হয়েছেন আমির হামজার শালা ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর ও তার গাড়িচালক সাদ্দাম হোসেন। হামলাকারীরা হলেন হাসাদাহ বাজারের বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।

    আমির হামজার শ্যালক আবু বক্কর বলেন, কুষ্টিয়া থেকে দুলাভাই আমির হামজা একটি গাড়িতে এবং আমি আর বোনসহ কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমরা হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইক আমাদের গতিরোধ করে। বার বার হর্ণ দিলেও গাড়ি না সরানোয় আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন। তখন ওই ইজিবাইক চালক দুঃখ প্রকাশ করেন।

    আবু বক্কর আরও বলেন, এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন এসে আমার ওপর হামলা করে। আমি এমপি আমির হামজার শ্যালক বলায় তারা আরও ক্ষিপ্ত হয়ে মুখে আঘাত করে। আমার বোন গাড়ি থেকে বের হলে তাকে এবং দুলাভাই আমির হামজাকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা।

    এদিকে ঘটনার খবর পেয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় রয়েছেন।

    এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বর্তমানে এমপি সাহেবসহ তার পরিবারের সদস্যরা থানায় রয়েছেন।

  • জনস্বার্থের দাবিতে সরব পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্ক, ইতিবাচক সাড়া ইউএনও’র

    জনস্বার্থের দাবিতে সরব পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্ক, ইতিবাচক সাড়া ইউএনও’র

    কক্সবাজার প্রতিনিধি 

    রামু-নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সড়কে দীর্ঘদিনের পরিবহন ভাড়া নৈরাজ্যের অবসান ঘটেছে। এ লক্ষ্যে রামু উপজেলা প্রশাসন, পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্ক এবং রামু সিএনজি সমিতির মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (১ জুন) সকাল ১১টায় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    সিএনজি সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মুজিবুল হক ভূট্টু, সহ-সভাপতি নজরুল ইসলাম সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ। পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সাধারণ সম্পাদক এস.এম হুমায়ুন কবির , সহ-সভাপতি জয়নাল আবেদীন টুক্কু, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদুল আনোয়ার, অর্থ সম্পাদক সাইদুজ্জামান, আবুল শাহমা, নুরুল হাকিম, দেলোয়ার হোসেন এবং এস. এম. লুৎফুর কবির।

    সভায় পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে জনস্বার্থসংশ্লিষ্ট অর্ধডজনেরও বেশি দাবি উত্থাপন করা হয়।

    এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গর্জনিয়া, কচ্ছপিয়া ও আশপাশের চার ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ, গর্জনিয়া বাজার-নাইক্ষ্যংছড়ি সড়কের উন্নয়ন, পরিবহন ভাড়া নৈরাজ্য বন্ধ, গর্জনিয়া বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা, মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ এবং গর্জনিয়া পুলিশ ফাঁড়ির জরাজীর্ণ অবকাঠামোর উন্নয়ন।

    ইউএনও মো. জিল্লুর রহমান ধৈর্যসহকারে দাবিগুলো শুনে সংশ্লিষ্ট দপ্তরে বিষয়গুলো যথাযথভাবে উপস্থাপনের আশ্বাস দেন। একই সঙ্গে সিএনজি ভাড়া বৃদ্ধির অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক হস্তক্ষেপ করে সমিতির নেতাদের মাধ্যমে পূর্বের নির্ধারিত ভাড়া কার্যকর করার ব্যবস্থা গ্রহণ করেন।

    এতে সন্তোষ প্রকাশ করে পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের নেতৃবৃন্দ ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা জানান।

    পরে একই দিন দুপুরে পূর্বসীমান্ত মিডিয়া নেটওয়ার্কের নেতৃবৃন্দ রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ওসি সমাজের কল্যাণ ও জনস্বার্থে পরিচালিত গঠনমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

  • আশুগঞ্জে ১২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক, গ্রেফতার-৩

    আশুগঞ্জে ১২ কেজি গাঁজাসহ প্রাইভেটকার আটক, গ্রেফতার-৩

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

    সোমবার (১ জুন ) সকাল ৮টা ১০ মিনিটের দিকে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে আশুগঞ্জ থানা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে আটক করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন, ১. গাজীপুরের নাদিম মোল্লা ২.ময়মনসিংহের বাছেদ মিয়া ৩. শেরপুরের মনির সরদার।

    পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত বাছেদ মিয়া ও মনির সরকারের বিরুদ্ধে পূর্বে মাদকসংক্রান্ত মামলা রয়েছে।

    উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • রাজশাহীতে শুরু হয়েছে ফিরতি যাত্রা; স্টেশন ও টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়

    রাজশাহীতে শুরু হয়েছে ফিরতি যাত্রা; স্টেশন ও টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড়

     

    রাজশাহী প্রতিনিধি

    পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে পরিবার-পরিজনের সঙ্গে আনন্দময় সময় কাটিয়ে কর্মস্থলের উদ্দেশ্যে ফিরতে শুরু করেছেন হাজারো মানুষ। ছুটি শেষ হওয়ায় রাজশাহী থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফিরছেন চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ফলে রাজশাহী রেলওয়ে স্টেশন, কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং আন্তঃজেলা পরিবহন কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে কর্মস্থলমুখী যাত্রীদের উপচেপড়া ভিড়।

    সোমবার সকাল থেকেই ট্রেন ও বাসে উঠতে স্টেশন এবং টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। তবে যাত্রীচাপ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেলেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ভোগান্তি, যানজট বা পরিবহন সংকটের খবর পাওয়া যায়নি। সময়মতো অধিকাংশ ট্রেন ও বাস ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

    ফিরতি যাত্রাকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে বাংলাদেশ রেলওয়ে এবং পরিবহন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেশ কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। স্টেশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যাত্রীদের নিরাপদ চলাচল, টিকিট ব্যবস্থাপনা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন রেলওয়ে কর্মী ও স্বেচ্ছাসেবকরাও।

    রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার জিয়াউল আহসান জানান, এবারের ঈদযাত্রা ছিল অত্যন্ত সফল ও নিরাপদ। গত ২৩ মে থেকে শুরু হওয়া ঈদ উপলক্ষে বিশেষ ট্রেন পরিচালনার কর্মসূচি আগামী ৩ জুন পর্যন্ত চলবে।

    তিনি আরও বলেন,”এবারের ঈদে ট্রেন চলাচলে কোনো বড় ধরনের শিডিউল বিপর্যয় বা দুর্ঘটনা ঘটেনি। কিছু ট্রেন ১০ থেকে ২০ মিনিট পর্যন্ত বিলম্বিত হলেও পরবর্তীতে সময় সমন্বয় করে নেওয়া হয়েছে। ফলে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পেরেছেন।”

    অতিরিক্ত কোচ সংযোজনে বেড়েছে আসনসংখ্যা
    প্রতি বছরের মতো এবারও ঈদে ট্রেনে যাত্রীচাপ ছিল উল্লেখযোগ্য। এ চাপ সামাল দিতে রেলওয়ে কর্তৃপক্ষ বেশ কিছু কার্যকর উদ্যোগ গ্রহণ করে। ঈদের আগ পর্যন্ত ট্রেনগুলোর নিয়মিত সাপ্তাহিক ‘অফ ডে’ বহাল রাখা হয় এবং ঈদের পর যাত্রীদের অতিরিক্ত চাপ মোকাবিলায় প্রতিটি আন্তঃনগর ট্রেনে একটি এসি ও একটি শোভন চেয়ার কোচসহ মোট দুটি অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে।

    রেলওয়ে কর্মকর্তারা জানান, অতিরিক্ত কোচ যুক্ত হওয়ায় প্রতিটি ট্রেনের ধারণক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে অতিরিক্ত যাত্রী পরিবহন করা সম্ভব হচ্ছে এবং টিকিট সংকটও কিছুটা কমেছে।

    সময়মতো ছাড়ছে অধিকাংশ ট্রেন ও বাস
    সোমবার সকাল থেকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া অধিকাংশ ট্রেন ও বাস নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। শুধুমাত্র সিল্কসিটি এক্সপ্রেস সামান্য বিলম্বে ছাড়লেও অন্যান্য ট্রেন সময়সূচি অনুযায়ী চলাচল করেছে। একইভাবে দূরপাল্লার বাসগুলোও নির্ধারিত সময়ে যাত্রা শুরু করায় যাত্রীদের মধ্যে সন্তোষ লক্ষ্য করা গেছে।

    যাত্রীরা জানান, বিগত কয়েক বছরের তুলনায় এবার ট্রেন ও বাসের ব্যবস্থাপনা অনেক ভালো। স্টেশনে অতিরিক্ত ভিড় থাকলেও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থাও সন্তোষজনক। ফলে দীর্ঘ ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফেরার যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হয়েছে।

    সংশ্লিষ্টদের আশা, আগামী কয়েকদিন যাত্রীচাপ অব্যাহত থাকলেও অতিরিক্ত কোচ, বিশেষ ট্রেন পরিচালনা এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে ফিরতি ঈদযাত্রা নির্বিঘ্নভাবেই সম্পন্ন হবে।

  • ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    ফরিদপুর প্রতিনিধি

    ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ মে) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বর্ষপূর্তি উদযাপনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল পূর্ণাঙ্গ কমিটি ও উপ-পর্ষদ কমিটি গঠন, অর্থ কমিটির কার্যক্রম শুরু, স্মরণিকা প্রকাশনা কমিটি গঠন, নীতিমালা বাস্তবায়ন, রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা এবং বর্ষপূর্তি উদযাপনের সম্ভাব্য সময় নির্ধারণ।

    সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ১৯৫৮ সালের শিক্ষার্থী শরীফ মো. আমিন উদ্দিন, দেশের মিডিয়া জগতের অন্যতম ব্যক্তিত্ব ও ১৯৭৫ সালের শিক্ষার্থী ফজলুর রহমান বাবু, অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, এ কে কিবরিয়া স্বপন, খলিফা কামাল উদ্দিন, শেখ মাহতাব আলী মেথু, সাজ্জাদ হোসেন রনি, সৈয়দ মান্না হোসেন খসরু, রানা খান, নুরুদ্দিন ফকির, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ফকির এবং সৈয়দ আলাওল হোসেন তনুসহ বিশিষ্ট প্রাক্তন শিক্ষার্থীরা।

    এছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও দেশের বিশিষ্ট বাউল শিল্পী পাগলা বাবলু খান।

    সভায় বক্তারা বলেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হবে। এ আয়োজন সফল করতে সকল প্রাক্তন শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।

    সভায় সভাপতিত্ব করেন বর্ষপূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান (সাঈদ) এবং সার্বিক সমন্বয় করেন আলাওল হোসেন নান্না। সভা শেষে আগামী ২০ জুন সকাল ১০টায় পরবর্তী প্রস্তুতি সভার তারিখ ঘোষণা করা হয়।

  • নাসিরনগরে মাদক ব্যবসায়ীকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিল এলাকাবাসী, ভ্রাম্যমাণ আদালতে ১৮ মাসের কারাদণ্ড

    নাসিরনগরে মাদক ব্যবসায়ীকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিল এলাকাবাসী, ভ্রাম্যমাণ আদালতে ১৮ মাসের কারাদণ্ড

     

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর এক মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

    রোববার দুপুরে উপজেলার গোকর্ণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গোকর্ণ গ্রামের রাজ্জাক খান।

    স্থানীয় সূত্রে জানা যায়, রাজ্জাক খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। রোববার দুপুরে এলাকাবাসী তাকে আটক করে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোপর্দ করেন।

    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এদিকে, রাজ্জাক খানের কারাদণ্ডের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

    স্থানীয় সচেতন মহলের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  • কিশোরগঞ্জে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    কিশোরগঞ্জে জামায়াতের যুব বিভাগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত

    নীলফামারী প্রতিনিধি

    নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে “পবিত্র ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।

    উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।

    অনুষ্ঠানে ঈদুল আযহার আনন্দ ও সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি দেশ, সমাজ ও যুবসমাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সমাজে ন্যায়বিচার, ইনসাফ, মানবিক মূল্যবোধ এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

    প্রধান আলোচক হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম তার বক্তব্যে বলেন, যুব সমাজই আগামীর বাংলাদেশ গঠনের অন্যতম প্রধান শক্তি। তিনি যুবকদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
    এ সময় তিনি আগামী “৩৬ জুলাই” যুব সমাজের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করেন এবং পরিবেশ সংরক্ষণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

    বক্তারা আরও বলেন, নৈতিকতা, মানবিকতা ও আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

    অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থক, যুব বিভাগের সদস্য এবং সুধীজন উপস্থিত ছিলেন।

  • পচাগলিত মরদেহ গ্রহণে অনীহা স্বজনদের, বেওয়ারিশ হিসেবে দাফন পারভীন আক্তারকে

    পচাগলিত মরদেহ গ্রহণে অনীহা স্বজনদের, বেওয়ারিশ হিসেবে দাফন পারভীন আক্তারকে

     

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫৫)-এর পচাগলিত মরদেহ স্বজনরা গ্রহণে অনীহা প্রকাশ করায় মানবিক উদ্যোগে তাকে বেওয়ারিশ কবরস্থানে দাফন করা হয়েছে। সামাজিক সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’ মরদেহ দাফনের দায়িত্ব পালন করে।

    শনিবার (৩০ মে) বিকেলে শহরের পূর্ব মেড্ডা তিতাস নদীসংলগ্ন বেওয়ারিশ কবরস্থানে মরদেহটি দাফন করা হয়। সংগঠনটির তথ্যমতে, এ নিয়ে তাদের উদ্যোগে ২৫৫টি স্বজনহীন বা বেওয়ারিশ মরদেহ দাফন করা হলো।

    জানা গেছে, ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের একটি ভাড়া বাসা থেকে পারভীন আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ সময় ঘরের ভেতরে পড়ে থাকায় মরদেহে পচন ধরে এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

    ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হলেও পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেন। পরে পারিবারিকভাবে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের কাছে মরদেহ দাফনের অনুরোধ জানানো হয়।

    পারিবারিক সূত্রে জানা যায়, পারভীন আক্তার দীর্ঘদিন ধরে একা বসবাস করছিলেন। জীবনের বিভিন্ন সময়ে তিনি পারিবারিক ও শারীরিক নানা সংকটের মধ্য দিয়ে গেছেন। স্বজনদের সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব এবং মরদেহের অবস্থার কারণে পরিবার দাফনের দায়িত্ব নিতে অনীহা দেখায় বলে জানা গেছে।

    ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকীব উর রাজা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের মানবিক উদ্যোগেরও প্রশংসা করেন।

    উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর দীর্ঘদিন ধরে বেওয়ারিশ লাশ দাফন, অসহায় রোগীদের সহায়তা, রক্তদান ও অক্সিজেন সেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুটবল বিতরণ

    নগরকান্দায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ছাত্রদলের ফুটবল বিতরণ

     

    ফরিদপুর প্রতিনিধি

    ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ফুটবল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    ৩১ মে শনিবার বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বাজারে এক অনুষ্ঠানে ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক আবুল হাসান টিটু,
    নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ-সভাপতি মাহবুব আলি মিয়া,ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম লিখন,ছাত্রদল নেতা সুজনসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় যুব উন্নয়ন ও ক্রীড়া চর্চার প্রতি গুরুত্বারোপ করতেন। তাঁর আদর্শকে ধারণ করে নতুন প্রজন্মকে সুস্থ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    অনুষ্ঠান শেষে ইউনিয়নের তরুনদের হাতে ফুটবল তুলে দেওয়া হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।