Category: সারাদেশ

  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

     

    শাহ্ জালাল, ফরিদপুর প্রতিনিধি

    মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (৩০ মে ২০২৬) নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

    পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন নেতাকর্মীরা।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শামা ওবায়েদ ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। তাঁর দেখানো পথ ধরে দেশ ও জনগণের কল্যাণে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।”

    বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। আলোচনা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • খোকসায় সাতপাখিয়া ছাত্রকল্যাণ পরিষদের ২৫ বছর পূর্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

    খোকসায় সাতপাখিয়া ছাত্রকল্যাণ পরিষদের ২৫ বছর পূর্তি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি

    কুষ্টিয়ার খোকসা উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষামূলক সংগঠন সাতপাখিয়া ছাত্রকল্যাণ পরিষদের ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী), পবিত্র ঈদ-উল-আযহা পরবর্তী ঈদ পুনর্মিলনী এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    গত শুক্রবার (২৯ মে ২০২৬) উপজেলার সাতপাখিয়া নতুন ঈদগাহ ময়দানে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনটির গৌরবময় ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেন এমপির পক্ষে তাঁর ছেলে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোহাম্মদ শরিফুল ইসলাম।

    অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. পারভেজ হোসেন নওসাদ বলেন, “এলাকার শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও উৎসাহিত করা এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধ রাখতে সাতপাখিয়া ছাত্রকল্যাণ পরিষদ দীর্ঘ ২৫ বছর ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। সংগঠনের এই পথচলায় এলাকার মানুষের সহযোগিতা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”

    অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এলাকার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের দেশ ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

    এছাড়াও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা সাতপাখিয়া ছাত্রকল্যাণ পরিষদের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

    সফল আয়োজনের মধ্য দিয়ে সাতপাখিয়া ছাত্রকল্যাণ পরিষদের রজতজয়ন্তী উদযাপন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

  • সাড়ে নয় বছর পর জঙ্গি মামলায় খালাস পেলেন সেই তিন ছাত্রী

    সাড়ে নয় বছর পর জঙ্গি মামলায় খালাস পেলেন সেই তিন ছাত্রী

    জেভি২৪ ডেস্ক 

    সাড়ে নয় বছর আইনি লড়াই শেষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নওয়াব ফয়জুন্নেছা হলের তিন ছাত্রী জঙ্গিবাদের অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালত থেকে খালাস পেয়েছেন। অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় গত ২৪ মে জেলা ও দায়রা জজ আদালত তাদের অব্যাহতির রায় দেন।

    শনিবার (৩০ মে) মামলার আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, এই শিক্ষার্থীদের জঙ্গি তকমা দিয়ে রাষ্ট্র বা তদন্ত সংশ্লিষ্টরা কী অর্জন করেছে? তাদের কাছ থেকে কোনো অবৈধ বা নিষিদ্ধ বস্তু পাওয়া যায়নি, কেবল কোরআন, হাদিস এবং ডা. জাকির নায়েকের কিছু বই উদ্ধার করা হয়েছিল। অথচ জঙ্গি তকমার কারণে অভিযুক্তদের মধ্যে একজন শিক্ষার্থী মাস্টার্সে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও চাকরির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত তাদের খালাস দিয়েছেন।

    বদিউল আলম সুজন আরও বলেন, পরিবার চাইলে রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে। সেক্ষেত্রে আমরা আইনগত সহায়তা দিতে প্রস্তুত। একই সঙ্গে এ মামলার পেছনে কারা ভূমিকা রেখেছে, তা চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানাই।

    মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুলাই রাতে কুমিল্লা শহরের নওয়াব ফয়জুন্নেছা হলে যৌথ অভিযান চালায় পুলিশ, র‌্যাব, সিআইডি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। অভিযানের সময় হলের ২০২ নম্বর কক্ষে অবস্থানরত তিন ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কক্ষ তল্লাশি চালানো হয়।

    তল্লাশিকালে কক্ষ থেকে কয়েকটি ধর্মীয় ও ইসলামী বিষয়ক বই জব্দ করা হয়। জব্দকৃত বইয়ের মধ্যে ছিল ড. জাকির নায়েকের লেকচার সমগ্র, ‘আদর্শ পরিবার পরিবেশ’, ‘পরকালের প্রস্তুতি’ এবং ‘ইসলামী আন্দোলনের পথ ও পাথেয়’ শীর্ষক গ্রন্থ।

    পরে রাতভর জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর তিন ছাত্রীকে জঙ্গিবাদের অভিযোগে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয় এবং আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

    ঘটনাটি সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। কিছুদিন কারাভোগের পর তারা উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন।

    এরপর মামলাটি ম্যাজিস্ট্রেট আদালত, জেলা ও দায়রা জজ আদালত এবং উচ্চ আদালতসহ বিভিন্ন বিচারিক ধাপ অতিক্রম করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার একপর্যায়ে আদালত অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণ না পাওয়ায় গত ২৪ মে তিন শিক্ষার্থীকে খালাসের আদেশ দেন।

    রায়ের পর শিক্ষার্থীরা ও তাদের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করে বলেন, প্রায় এক দশক ধরে চলা একটি কঠিন অধ্যায়ের অবসান হয়েছে। তারা আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন।

    মামলার শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে আইনি সহায়তা প্রদান করেন অ্যাডভোকেট শহীদ উল্লাহ, অ্যাডভোকেট বদিউল আলম সুজন এবং অ্যাডভোকেট ইব্রাহিম মনির।

  • ফুলবাড়ীতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষসহ আটক-৭

    ফুলবাড়ীতে দেহ ব্যবসার অভিযোগে নারী-পুরুষসহ আটক-৭

     

    আসাদুজ্জামান আসাদ, দক্ষিণ-দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে দেহ ব্যবসার অভিযোগে ৪ নারী,২ খদ্দের ও ১ ভাড়াটিয়াকে আটক করা হয়।পরবর্তীতে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    ২৯ মে(শুক্রবার)বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পূর্ব কাঁটাবাড়ী বাংলা স্কুলের উত্তরে “বন্ধন ভিলা” নামে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
    সহকারী কমিশনার (ভূমি)ও পৌর প্রশাসক ছামিউল ইসলাম অভিযান পরিচালনা করেন।এসময় ফুলবাড়ী থানার এসআই বুলু মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

    দন্ডপ্রাপ্তরা হলেন- দিনাজপুর চাউলিয়া পট্টির জহির উদ্দিনের মেয়ে রুপা বেগম(৩৬)কে ৬ মাস। বিরামপুর উপজেলার শান্তিনগর এলাকার রাশেদের স্ত্রী মুন্নি(২১)কে ৪ মাস।দিনাজপুর সদর উপজেলার রামগড় কালিতলা এলাকার রফিকুল ইসলামের মেয়ে শিউলী আক্তার কে ২ মাস। নবাবগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে আব্দুল কাইয়ুম(৩৯)কে দেড় মাস। পার্বতীপুর উপজেলার পাতরাপাড়া গ্রামের মফিজুল হকের ছেলে মশিউর রহমান(৩৮)কে দেড় মাস।টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার চম্পা (২২)কে ১ মাস এবং দিনাজপুরের গণেশতলা এলাকার শেখ হিরন শাহ (৪৫)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    আটকের সময় এলাকাবাসী এবং অভিযুক্ত ব্যক্তিরা সাংবাদিক ও পুলিশের কাছে দাবি করেন,বাড়ির মালিক রফিকুল ইসলাম টিটো ও তার স্ত্রী নুপুর ওরফে নিশি এ কার্যক্রম পরিচালনা করতেন।তবে অভিযানের সময় তারা পালিয়ে যেতে সক্ষম হন।

    থানার এসআই বুলু মিয়া বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪ জন মেয়ে ২ জন খদ্দের এবং ভাড়াটিয়াসহ মোট ৭ জনকে আটক করা হয়।আটকের সময় পতিতাবৃত্তির বিভিন্ন উপকরণ,ইয়াবাসহ মাদক সেবনের আলামত পাওয়া গেছে।

    সহকারী কমিশনার(ভূমি) ছামিউল ইসলাম বলেন,অভিযান পরিচালনা করে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।এ ঘটনায় জড়িত বাড়ির মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • টেকনাফে র‍্যাবের অভিযানে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

    টেকনাফে র‍্যাবের অভিযানে ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

     

    এস. এম. লুৎফুর কবির, কক্সবাজার

    কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযানে মাদক মামলায় ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত আসামির নাম জহির আহামদ (৩০)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোদারবিল গ্রামের ফরিদ আহামদের ছেলে।

    র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গত ২৯ মে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি জহির আহামদকে গ্রেফতার করা হয়।

    র‌্যাব জানায়, জহির আহামদের বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানায় ২০১৭ সালে দায়ের হওয়া একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় আদালত তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
    অভিযান চলাকালে তার কাছ থেকে কোনো অবৈধ মালামাল উদ্ধার করা হয়নি। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, মাদক ও অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে

  • নাসিরনগরের ইছাপুর গ্রামে কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৬

    নাসিরনগরের ইছাপুর গ্রামে কোরবানির ছুরি কেনার টাকা নিয়ে সংঘর্ষ, আহত-৬

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর গ্রামে মসজিদের তহবিলের অর্থ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

    শুক্রবার দুপুরে ইছাপুর বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির ছুরি কেনার জন্য মসজিদের তহবিল থেকে অর্থ ব্যয়কে কেন্দ্র করে গ্রামের সফিল ও আজিম উদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাধে।

    সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হন।

    আহতদের মধ্যে রয়েছেন রহিমা বেগম, শরীফ, শিমুল আক্তার, নিজাম আলম, যদু মিয়া ও হুমায়ুন কবির। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত যদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

    খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি শান্ত করে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

  • সরাইলে মাদক-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, কিশোর নিহত

    সরাইলে মাদক-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, কিশোর নিহত

     

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

    শুক্রবার গভীর রাতে উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান ওই এলাকার ছুটুন মিয়ার ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে একটি মাদক লেনদেনকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে রাত গভীর হলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে রায়হান গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় দুই পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।

    সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, সংঘর্ষের ঘটনায় একজন কিশোর নিহত হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সম্পাদক হুমায়ুন কবির

    পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্কের আত্মপ্রকাশ সভাপতি মাঈনুদ্দিন খালেদ, সম্পাদক হুমায়ুন কবির

    এস.এম লুৎফুর কবির,কক্সবাজার

    দেশের পূর্ব সীমান্ত অঞ্চলে মাদকের ভয়াবহতা, চোরাচালান, মানবপাচারসহ বিভিন্ন অসংগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে “পূর্ব সীমান্ত মিডিয়া নেটওয়ার্ক” নামে একটি নতুন সংগঠন।

    সংগঠনটি মূলত কক্সবাজার ও বান্দরবান সীমান্ত অঞ্চলের সমস্যা, সম্ভাবনা এবং জনদুর্ভোগ নিয়ে সমন্বিতভাবে কাজ করবে।

    শুক্রবার (২৯ মে) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সভায় সর্বসম্মতিক্রমে জ্যেষ্ঠ সাংবাদিক মাঈনুদ্দিন খালেদ এমএড-কে সভাপতি এবং সাংবাদিক এস.এম হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

    এছাড়া সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক জয়নাল আবেদীন টুক্কু ও সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক জাবেদুল আনোয়ার। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক সাঈদুজ্জামান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন সংবাদকর্মী নুরুল হাকিম।

    নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন গণমাধ্যমকর্মী জহির উদ্দিন ও দেলোয়ার হোসেন।

    সভায় উপস্থিত সদস্যরা সীমান্ত অঞ্চলের সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগ গণমাধ্যমে তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন

  • ঝড়ে তালগাছ ভেঙে শিশুর মৃত্যু

    ঝড়ে তালগাছ ভেঙে শিশুর মৃত্যু

    জেভি২৪ ডেস্ক 

    সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কালবৈশাখী ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শারমিন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ঈশ্বরীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নিহত শারমিন ওই গ্রামের আব্দুর রউফের মেয়ে।

    পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে খেলছিল শারমিন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।

    স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. জিয়াউর রহমান জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

  • জামালপুরে শিশু ধর্ষণের পর ‘হাতে ১০ টাকা ধরিয়ে’ বাড়িতে পাঠাল চাচা

    জামালপুরে শিশু ধর্ষণের পর ‘হাতে ১০ টাকা ধরিয়ে’ বাড়িতে পাঠাল চাচা

    জেভি২৪ ডেস্ক 

    জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আট বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. লিটন মিয়া (৪৮)। তিনি উপজেলার পিংনা ইউনিয়নের রাধানগর (মধ্যপাড়া) গ্রামের মৃত ছকমান আলীর ছেলে। সম্পর্কে তিনি ওই শিশুর প্রতিবেশী চাচা।

    মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুর মা-বাবা দুজনেই জীবিকার তাগিদে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। প্রতিবন্ধী মেয়েসহ তাদের সন্তানেরা গ্রামের বাড়িতে দাদা-দাদির কাছে থাকত। গত ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশী লিটন মিয়া ওই প্রতিবন্ধী শিশুকে একা পেয়ে ফুসলিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয়। এ সময় শিশুটির চিৎকারে অভিযুক্ত লিটন মিয়ার স্ত্রী ঘটনাস্থলে চলে আসলে লিটন শিশুটিকে ছেড়ে দেয়। পরে বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে এবং হাতে ১০ টাকা দিয়ে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

    খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার পর শিশুটি বাড়িতে ফিরে তার দাদা-দাদিকে বিষয়টি জানায়। কিন্তু লোকলজ্জা ও সামাজিক সম্মানের ভয়ে তারা বিষয়টি প্রথমে গোপন রাখেন। পরবর্তীতে গত ২৬ মে ঈদের ছুটিতে শিশুটির মা-বাবা ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসলে পুরো ঘটনাটি জানতে পারেন। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করা হয়।

    কান্নাজড়িত কণ্ঠে শিশুটির বাবা বলেন, আমার মেয়েটা শারীরিক প্রতিবন্ধী, ঠিকমতো চলতেও পারে না। তার সঙ্গে এমন পশুতুল্য আচরণ করা হয়েছে। লোকলজ্জার ভয়ে আমার বৃদ্ধ বাবা-মা প্রথমে মুখ খোলেননি। আমি ঢাকা থেকে ফিরে সব শুনে থানায় মামলা দায়ের করেছি। আমি এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই।

    সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হিসেবে রুজু করা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।