স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ডা. সামির হোসেন মিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত মামলার আসামি ছিলেন।
ডা. সামির হোসেন মিশু বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার মৃত ডা. সাফদার হোসেনের ছেলে। তিনি বগুড়া সদর উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং স্বাচিপ ও বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি বাগেরহাটের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএসটি) কর্মরত রয়েছেন। চিকিৎসা সেবায় বিশেষ অবদানের জন্য তিনি স্থানীয়ভাবে পুন্ড্র পদক পেয়েছেন এবং গরিবের ডাক্তার হিসেবেও পরিচিত ছিলেন। করোনাকালীন সময়ে ডাঃ সামির হোসেন মিশু বগুড়ায় চিকিৎসাসেবায় বিশেষ ভূমিকা রেখেছেন। সেসময় বগুড়ায় ব্যপক সুনাম অর্জন করেছিলেন তিনি।
পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাতে শেরপুরের একটি হোটেলে ডা. মিশুর জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। জন্মদিনের কেক কাটার প্রস্তুতি নেওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানায় তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় নাশকতার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, বগুড়া সদর থানায় একটি মামলায় ডা. মিশুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৪ জুন) তাকে আদালতে পাঠানো হবে।

