কুমিল্লার সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ জুন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের উপস্থিতিতে কুমিল্লা ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।
পরে বিকেল সাড়ে ৪টার দিকে টাস্কফোর্স দল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৭৫৪ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, কসমেটিকস সামগ্রী ও বাসমতি চাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

