চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন রাঙামাটির রাজস্থলী উপজেলা পরিদর্শন করেছেন। এ সময় তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন প্রকল্প ও জনসেবামূলক কার্যক্রম ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সোমবার (২৮জুন) সকালে রাজস্থলীতে পৌঁছালে বিভাগীয় কমিশনারকে রাজস্থলী থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাকে বরণ করে নেন।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সরকারি দপ্তরের সেবার মান এবং চলমান কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সরকারি সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তা-কর্মচারীকে আরও আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় বিভিন্ন বিভাগের কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী, অতিরিক্ত জেলা প্রশাসক জোনায়েদ, রাজস্থলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, রাজস্থলী থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

