সিফাত ও আহমেদ আব্দুল্লাহর অনবদ্য বিতর্কে শিরোপা জিতল সুন্দরবন রেজিমেন্ট

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আয়োজিত আন্তঃরেজিমেন্ট অ্যান্ড উইং বিতর্ক প্রতিযোগিতা–২০২৬-এ শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বিএনসিসির ক্যাডেট মির্জা সিফাত আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

গত বুধবার (২৪ জুন) ঢাকার সাভারের বিএনসিসি একাডেমিতে সুন্দরবন রেজিমেন্ট ও রমনা রেজিমেন্টের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সুন্দরবন রেজিমেন্ট চ্যাম্পিয়ন হয়।

জানা গেছে, সুন্দরবন রেজিমেন্ট নেভাল উইং, কর্ণফুলী রেজিমেন্ট ও বিমান উইংকে পরাজিত করে ফাইনালে ওঠে। ফাইনালে সুন্দরবন রেজিমেন্টের সরকারি দলের প্রধানমন্ত্রী ও দলনেতার দায়িত্বে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যাডেট মির্জা সিফাত আহমেদ। চিফ হুইপের দায়িত্বে ছিলেন ইবির আরেক ক্যাডেট আহমদ আব্দুল্লাহ। এছাড়া মন্ত্রীর দায়িত্বে ছিলেন খুলনার ক্যাডেট ল্যান্স কর্পোরাল সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থী মো. নাজমুল আলম।

ফাইনাল বিতর্কের বিষয়বস্তু ছিল “এই সংসদ মনে করে যে, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যাপক প্রসার বাংলাদেশের তরুণ কর্মশক্তির জন্য সুযোগের চেয়ে হুমকি বেশি।”

প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সায়েদ আল মাসুদ। তিনি চ্যাম্পিয়ন সুন্দরবন রেজিমেন্টের সদস্যদের হাতে ট্রফি, সনদ ও পুরস্কার তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান।

আরও পড়ুন