আইনের শাসনে আপস নয় মাদক ও অবৈধ কর্মকাণ্ড দমনে কঠোর বার্তা প্রশাসনের

ফরিদপুরের নগরকান্দায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে মাদক, অবৈধভাবে মাটি কাটা, সন্ত্রাস ও সামাজিক অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান আফরিন। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় মাদক নির্মূল, অবৈধভাবে মাটি কাটা বন্ধ, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপরাধ ও অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আরও জোরদার করা হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও রেজওয়ান আফরিন বলেন, নগরকান্দাকে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। আইন বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না এবং জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।

সভায় উপস্থিত বক্তারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধমুক্ত নগরকান্দা গড়ে তুলতে প্রশাসনের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন