জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে পদকজয়ী দুই শিক্ষার্থীকে খোকসা সরকারি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা

৪০তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬-এ অসাধারণ সাফল্য অর্জনকারী খোকসা সরকারি কলেজের একাদশ শ্রেণির কৃতি শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান ও তানজিদ হোসেনকে সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

মঙ্গলবার কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শিশির কুমার রায়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও কলেজের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা যায়, ‘সাহেব আলী অ্যাথলেটিক’-এ প্রশিক্ষণ নিয়ে জাতীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মোস্তাফিজুর রহমান ও তানজিদ হোসেন স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেন। তাদের এই কৃতিত্বে খোকসা সরকারি কলেজের সুনাম আরও সমৃদ্ধ হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের সাফল্য বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে। কলেজের পক্ষ থেকে দুই কৃতি শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও শুভকামনা জানানো হয়।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক শিশির কুমার রায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষা ও খেলাধুলা উভয় ক্ষেত্রেই সাফল্য অর্জনের মাধ্যমে তারা কলেজের মুখ উজ্জ্বল করেছে। তিনি তাদের ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য গৌরব বয়ে আনার আহ্বান জানান।

শেষে কৃতি শিক্ষার্থীদের সম্মানে শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন