বগুড়ার এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে অংশগ্রহণ করায় তার পিতা বিএনপি নেতা ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিস্কৃত ফারুক হোসেন বগুড়া জেলা বিএনপির সদস্য এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে বগুড়া মহানগর বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফারুক হোসেনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে ফারুক হোসেনের অভিযোগ, কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত রাজনৈতিক ষড়যন্ত্রের একটি অংশ।
জানা গেছে, বিএনপি নেতা ফারুক হোসেনের ছেলে সিফাত হোসেন সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। মঙ্গলবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে বগুড়ায় শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেয় সে। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা মহানগরের সাতমাথা এলাকায় সড়ক অবরোধ করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় সিফাত হোসেনের সাথে পুলিশ কর্মকর্তার কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা বিএনপির কয়েকজন সিনিয়র নেতা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই ফারুক হোসেনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আসে।
ফারুক হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ছেলে অংশ নেওয়ার কারণে আমাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু এর আগে আমাকে কোনো শোকজ নোটিশ দেওয়া হয়নি। আমার ছেলে ছাত্রশিবিরকে সমর্থন করে। জেলা বিএনপিতে এমন অনেক নেতা আছেন। যাঁদের পরিবারের সদস্যরা আওয়ামী লীগ বা জামায়াতের রাজনীতি করেন। আমাকে যদি এ কারণে বহিষ্কার করা হয়। তাহলে তাঁদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া উচিত।
বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে ফারুক হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

