Category: সারাদেশ

  • বগুড়া-নাটোর মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে চালকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

    বগুড়া-নাটোর মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে চালকদের মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

     

    বগুড়া প্রতিনিধি

    বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে বগুড়া-নাটোর মহাসড়কে অটোরিকশা রেখে চালকেরা বিক্ষোভ করেন।

    আজ রবিবার বেলা ১০ টা থেকে বেলা ১২ টা পযন্ত বগুড়ার শাজাহানপুর উপজেলার জামাদারপুকুরে বগুড়া-নাটোর মহাসড়কে প্রায় ২ ঘণ্টাব্যাপী এই অবরোধ ও বিক্ষোভ করেন স্থানীয় অটোরিকশাচালকেরা।

    তবে কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ উদ্দিন বলেন, কোনো সিএনজি থেকে হাইওয়ে পুলিশের চাঁদা নেওয়া সত্যতা নেই।তবে কোন পুলিশ এ কাজে জড়িত থাকে তাহলে আমারা প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নিবো।

  • শরীয়তপুর রহস্যজনক তাপে আতঙ্ক স্থানীয়রা, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

    শরীয়তপুর রহস্যজনক তাপে আতঙ্ক স্থানীয়রা, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

     

    শরীয়তপুর প্রতিনিধি 

    শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনকভাবে মাটি অস্বাভাবিক গরম হয়ে ওঠার ঘটনায় স্থানীয় বাসিন্দা, রোগী ও হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি নির্দিষ্ট স্থানে প্রায় ৫০ ফুট এলাকাজুড়ে মাটির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি লক্ষ্য করা গেছে।

    শনিবার (৬ জুন) বিকেলে হাসপাতালে গিয়ে দেখা যায় ফায়ার সার্ভিসের একটি দল পানি দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

    হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রবেশ সড়কের একটি অংশে মাটি স্পর্শ করলেই তীব্র তাপ অনুভূত হচ্ছে। বিষয়টি জানাজানি হলে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করতে শুরু করেন। একই সঙ্গে এলাকাবাসীর মধ্যে সম্ভাব্য বিস্ফোরণ বা অন্য কোনো দুর্ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রাথমিকভাবে তারা ওই এলাকায় মাটির নিচে গর্ত করে পানি দিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে এখন পর্যন্ত তাপের উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনাস্থলের আশপাশে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

    গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুল রহমান মিয়া বলেন, প্রথমে বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি নিয়ে আমরা সংশ্লিষ্ট প্রশাসন, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। রোগী ও দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

    গোসাইরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আব্দুল মতিন বলেন, খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে সেখানে বিদ্যুতের কোনো ত্রুটি বা লিকেজের প্রমাণ পাওয়া যায়নি। তবুও নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

    গোসাইরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এবিএম বাসার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পর্যবেক্ষণ করেছি। উত্তপ্ত স্থানে বারবার পানি দিয়েও তাপমাত্রা স্বাভাবিক করা সম্ভব হয়নি। মাটির নিচ থেকেও তাপ অনুভূত হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে তাপের উৎস সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। এ বিষয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে বিস্তারিত তদন্ত প্রয়োজন।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওসাদ হাসান বলেন, রহস্যজনক এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সহায়তা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বিষয়টির কারণ অনুসন্ধান করা হবে।

  • খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

    খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

    জেভি২৪ ডেস্ক 

    ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

    স্টেশন মাস্টার নয়ন হোসেন বলেন, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

    তিনি আরও বলেন, খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। পৌঁছালে দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

     

  • মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

    মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের ওপর হামলার অভিযোগ আ.লীগের বিরুদ্ধে

    জেভি২৪ ডেস্ক 

    নোয়াখালীর সদর উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও তাদের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক হৃদয়সহ ছাত্রদল ও যুবদলের অন্তত ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন। পরে উত্তেজিত নেতাকর্মীরা একটি ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।

    শনিবার (৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শুল্লুকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর প্রতিবাদে শনিবার বিকেলে জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেলের নেতৃত্বে একই এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল।

    কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীরা খবর পান, কালাদরাপ ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীরা কাফনের কাপড় মাথায় বেঁধে মিছিল করছেন। পরে কর্মসূচি শেষে মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে তারা কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন সেলিমকে তার বাড়ির পাশের একটি দোকানে বসে থাকতে দেখেন। এ সময় মিছিলকে কেন্দ্র করে চেয়ারম্যানের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়।

    একপর্যায়ে মসজিদের মাইকে চেয়ারম্যানের ওপর হামলার ঘোষণা দেওয়া হলে স্থানীয় আওয়ামী লীগ ও চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে জড়ো হন। এরপর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ছাত্রদলের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এতে শ্রমিকদল নেতা হৃদয়সহ অন্তত ছয়জন আহত হন।

    পরবর্তীতে রাত পৌনে ৮টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা একত্রিত হয়ে শাহাদাত হোসেন সেলিমের একটি ব্যক্তিগত কার্যালয়ে অগ্নিসংযোগ করেন।

    জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল বলেন, ‘চেয়ারম্যানের বাড়ির পাশে ছাত্রলীগের লোকজন মিছিল করার জন্য জড়ো হয়েছিল। খবর পেয়ে ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। পরে আমরা বাঁধেরহাটের কর্মসূচি শেষে ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের নিরাপদে সরিয়ে আনি। হামলায় আমাদের ছয় জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।’

    সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হামলা, মোটরসাইকেলে ও একটি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশর‍‍্যাব সদস্যরা রয়েছেন।’

  • বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ঢাকায় ‘সমর্থক সাইকেল শোভাযাত্রা’

    বিশ্বকাপের উন্মাদনা ছড়াতে ঢাকায় ‘সমর্থক সাইকেল শোভাযাত্রা’

    স্টাফ রিপোর্টার

    আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য ‘বিশ্বকাপ সমর্থক সাইকেল শোভাযাত্রা-২০২৬’। রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দূরন্ত বাই-সাইকেলের সহযোগিতায় আগামী ৫ জুন, শুক্রবার সকাল ৮টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হবে।

    আয়োজকরা জানিয়েছেন, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর আনন্দ, উৎসব ও উন্মাদনা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এ বিশেষ আয়োজন করা হয়েছে। শোভাযাত্রায় বিশ্বকাপের দুই জনপ্রিয় দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা অংশ নেবেন।

    আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০-এর বেশি সাইকেল আরোহী এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন। বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করার পাশাপাশি নিরাপদ ও পরিবেশবান্ধব যাতায়াত মাধ্যম হিসেবে সাইকেলের ব্যবহার জনপ্রিয় করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

    তারা আরও জানান, ক্রীড়া চর্চা, সুস্বাস্থ্য, সৌহার্দ্য এবং সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এই শোভাযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব জীবনধারার প্রতি আগ্রহ তৈরিরও উদ্যোগ নেওয়া হয়েছে।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের কিংবদন্তি সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ এবং আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পল।

    আয়োজকদের প্রত্যাশা, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে এই ব্যতিক্রমধর্মী সাইকেল শোভাযাত্রা ক্রীড়াপ্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং বিশ্বকাপ উৎসবের আমেজকে আরও বেগবান করবে।

  • টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, ৯ মানব পাচারকারী আটক

    টেকনাফে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার, ৯ মানব পাচারকারী আটক

     

    কক্সবাজার প্রতিনিধি

    মানব পাচারকারী কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৯ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে।

    শনিবার (৬ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

    কোস্ট গার্ড সূত্র জানায়, সমুদ্রপথে মানব পাচার রোধে চলমান নজরদারির অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে গত ৫ জুন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়ার সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    অভিযান চলাকালে একটি সন্দেহজনক বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করে বাহারছড়া সংলগ্ন সমুদ্র এলাকা থেকে বোটটি আটক করতে সক্ষম হন।

    আটক বোটে তল্লাশি চালিয়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নেওয়া ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে মানব পাচারের সঙ্গে জড়িত ৯ জন পাচারকারীকে আটক করা হয়।

    উদ্ধারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফ এলাকায় নিয়ে আসে। পরে তাদের বিভিন্ন গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন চালানো এবং মুক্তিপণ আদায়ের ঘটনাও ঘটে। পাচারকারীরা তাদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। এছাড়া কয়েকজন ভুক্তভোগীকে দেশের বিভিন্ন স্থান থেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের তথ্যও পাওয়া গেছে।

    কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধারকৃত ভুক্তভোগী, আটক মানব পাচারকারী ও বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

    এ বিষয়ে ব্রিফিং প্রদান করেন টেকনাফ স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী (এক্স), বিএন।

    বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, মানব পাচার প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

    উল্টো পথে অটোরিকশা, বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ জনের

     

    কুমিল্লা প্রতিনিধি

    কুমিল্লার সদর দক্ষিণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাসচাপায় অটোরিকশার যাত্রীদের এ হতাহতের ঘটনা ঘটে।

    কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় বাসচাপায় তিন অটোরিকশা যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী একটি অটোরিকশা উল্টো পথে চলাচল করছিল। এ সময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী দ্রুতগতির শাহ আলী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও একজন।

    দুর্ঘটনার পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
    দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

    লাকসাম ক্রসি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওসমান গনী বলেন, “তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়দের ধারণা, তারা দিনমজুর এবং রংপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

    দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। আহত ব্যক্তির চিকিৎসাও চলছে। এ ধরনের দুর্ঘটনা রোধে মহাসড়কে যানবাহন চলাচলে আরও সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • দৌলতদিয়ায় বাসডুবি: চালক, হেলপার ও সুপারভাইজর গ্রেপ্তার

    দৌলতদিয়ায় বাসডুবি: চালক, হেলপার ও সুপারভাইজর গ্রেপ্তার

    জেভি২৪ ডেস্ক 

    রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে র‌্যাম্প ভেঙে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার ঘটনায় বাসচালক, হেলপার ও সুপারভাইজরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (৬ জুন) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন- এসবি সুপার ডিলাক্স পরিবহনের চালক ঝন্টু আলী (৪৮), সুপারভাইজর আজমল হোসেন (৩৮) এবং হেলপার শাকিব হোসেন (২২)।

    পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার তিনজন ছাড়াও পরিবহন পরিচালনাকারী প্রতিষ্ঠানের অজ্ঞাতনামা সংশ্লিষ্ট ব্যক্তিদের আসামি করা হয়েছে।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার মুহূর্তে চালক ও হেলপার বাস থেকে লাফিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন। পরে পানিতে ভাসমান অবস্থায় চালককে নৌ পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করেন। তাদের গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলে পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

    গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নৌ পুলিশের দায়ের করা মামলায় বাসচালক, হেলপার ও সুপারভাইজরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।

    উল্লেখ্য, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় র‌্যাম্প ভেঙে পদ্মা নদীতে পড়ে যায়। পরে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান চালিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর বাসটি নদী থেকে উদ্ধার করে।

  • বজ্রপাতে ছিন্নভিন্ন আকাশমণি গাছ, আতঙ্কিত এলাকাবাসী

    বজ্রপাতে ছিন্নভিন্ন আকাশমণি গাছ, আতঙ্কিত এলাকাবাসী

    ফরিদপুর প্রতিনিধি

    ফরিদপুরের মধুখালী উপজেলায় প্রবল বৃষ্টি ও বজ্রপাতের সময় একটি বড় আকাশমণি গাছ বজ্রাঘাতে ছিন্নভিন্ন হয়ে গেছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার জাহাপুর ইউনিয়নের এলাহীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় প্রবল বৃষ্টি ও দফায় দফায় বজ্রপাত। একপর্যায়ে বিকট শব্দে একটি শক্তিশালী বজ্রপাত এলাহীপুর এলাকার একটি বড় আকাশমণি গাছে আঘাত হানে।

    বজ্রপাতের তীব্রতায় গাছটির কাণ্ড ফেটে যায় এবং এর বিভিন্ন অংশ চারদিকে ছিটকে পড়ে। ঘটনাস্থলে থাকা লোকজন বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন।

    তবে এ ঘটনায় কোনো হতাহত বা বসতবাড়ির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

    ঘটনার পর গাছটির ক্ষতিগ্রস্ত অংশ দেখতে উৎসুক এলাকাবাসীর ভিড় জমে। অনেকেই বজ্রপাতের ভয়াবহতা প্রত্যক্ষ করে উদ্বেগ প্রকাশ করেন।

    স্থানীয় সচেতন মহল জানায়, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তাই বজ্রপাতের সময় খোলা মাঠ, উঁচু গাছের নিচে কিংবা ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

    এদিকে, আবহাওয়া পরিস্থিতি বিরূপ থাকায় সংশ্লিষ্টরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

  • জনবান্ধব প্রশাসক থেকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান

    জনবান্ধব প্রশাসক থেকে রংপুর বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান

     

    নীলফামারী প্রতিনিধি

    দক্ষতা, গ্রহণযোগ্যতা আর কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলার সর্বস্তরের মানুষের কাছে জনবান্ধব জেলা প্রশাসক হিসেবে খ্যাতি পেয়েছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

    এরই ধারাবাহিকতায় জেলার গন্ডি পেড়িয়ে প্রাথমিক শিক্ষার উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ “প্রাথমিক শিক্ষা পদক-২০২৬” এ রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন তিনি।এই অর্জনের খবরে জেলার শিক্ষা প্রশাসন, শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

    সংশ্লিষ্টদের মতে, এটি কেবল একজন প্রশাসনিক কর্মকর্তার ব্যক্তিগত অর্জন নয়; বরং নীলফামারী জেলার প্রাথমিক শিক্ষা উন্নয়নে প্রশাসন, শিক্ষা বিভাগ, শিক্ষক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

    জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোহাম্মদ নায়িরুজ্জামান জেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও শিক্ষার্থী-কেন্দ্রিক করতে নানা উদ্যোগ গ্রহণ করেন। তিনি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, শিক্ষার মানোন্নয়ন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমের নিবিড় তদারকির মাধ্যমে ইতিবাচক পরিবর্তনের ধারা তৈরি করেন তিনি।এছাড়া বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সময়ে মতবিনিময় সভা এবং শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহী করে তুলতে বিভিন্ন উৎসাহমূলক কার্যক্রম পরিচালনায় তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। প্রত্যক্ষ তদারকিতে জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান পাঠদানের পরিবেশ উন্নয়ন এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন বলে মনে করছেন সুধিসমাজ।

    পশ্চিম পঞ্চপুকুর জামতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কায়কোবাদ জানান, জেলা প্রশাসকের নেতৃত্বে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।একই সঙ্গে বিদ্যালয়মুখী শিক্ষার্থী সংখ্যাও। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর পদক্ষেপ এর ফলে জেলার প্রাথমিক শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হয়েছে।

    এদিকে, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হওয়ায় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    স্থানীয়রা বলছেন, প্রাথমিক শিক্ষা উন্নয়নে অব্যাহত প্রচেষ্টা ও নেতৃত্ব আগামী দিনেও জেলার শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী, আধুনিক ও ফলপ্রসূ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জানতে চাইলে, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, আমি নীলফামারী জেলায় যোগদান করার পর থেকেই প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন, ঝরেপড়া রোধ আর শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সর্বদাই চেষ্টা করেছি। শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করতে এ চেষ্টা অব্যাহত থাকবে।