রাজশাহী শহর রক্ষা বাঁধের কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধে অবৈধ দখলের বিরুদ্ধে যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে পরিচালিত এ অভিযানে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা অংশ নেন। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার।
অভিযান চলাকালে কেশবপুর দক্ষিণপাড়া টি-বাঁধে অবৈধভাবে নির্মিত হাফিজুর রহমানের স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় সরকারি জমি ও শহর রক্ষা বাঁধের দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শহর রক্ষা বাঁধ, নদী তীর এবং সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নদী, শহর রক্ষা বাঁধ ও সরকারি সম্পত্তি সংরক্ষণে অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

